প্রথম নারী প্রধান সম্পাদক

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫৫

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

আলেসান্দ্রা গ্যালোনি রোমের অধিবাসী। তিনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসায়-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তার অভিজ্ঞতার ভান্ডারও তার সমৃদ্ধ। আলেসান্দ্রা গ্যালোনি হার্ভার্ড ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক হচ্ছেন। পেশাগত জীবনের শুরুর দিকে কাজ করেছেন রয়টার্সের ইতালীয় ভাষার সংবাদ পরিষেবায়। পরে যোগ দেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। সেখানে ১৩ বছর কাজ করার পর ২০১৩ সালে আবারও রয়টার্সে ফিরে আসেন। ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী রয়টার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। ৪৭ বছর বয়সি গ্যালোনি বর্তমানে রয়টার্সের অন্যতম শীর্ষস্থানীয় একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। রয়টার্স যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সংবাদ সংস্থাটির নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন এই নারী।

বর্তমানে বিশ্ব জুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স। রয়টার্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লাভের পরিমাণ আরো বাড়াতে চান। গ্যালোনি বলেছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে রয়টার্সের সবচেয়ে বড় গ্রাহক রিফাইনিটিভের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। গ্যালোনি লন্ডনে থাকেন। রয়টার্সের বার্তাকক্ষে তার উপস্থিতিকে ‘ক্যারিশমেটিক’ হিসেবে অভ্যন্তরীণভাবে বর্ণনা করা হয়। ব্যবসায়ের খবরাখবরের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে।