স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রির প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দ। এ বিষয়ে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এবং কমিটির সদস্যরা পৃথক বিবৃতি দিয়েছেন। পৃথক দুটি বিবৃতিতেই আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দ্রুত তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। শুক্রবার কমিটির ১৬ সদস্য স্বাক্ষরিত বিবৃতিতে ক্যাম্পাসের মাটি বাইরে নেওয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধন রয়েছে দাবি করে বলা হয়, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর প্রতিটি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। এজন্য বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি দপ্তর ও প্রক্টরিয়াল অফিসও রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয় ও ইন্ধন রয়েছে।
অন্যদিকে আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এজন্য শুধু কৃষি প্রকল্প সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির অযোগ্যতা ও পরিকল্পনাহীনতাকে দায়ী করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, কৃষি প্রকল্পের উপদেষ্টা কমিটির সভাপতিকে বারবার অবগত করেও প্রতিকার পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের সম্পদ অবৈধভাবে বিক্রির দায় প্রশাসনও এড়াতে পারে না। তাই অবিলম্বে মাটি চুরি বন্ধ ও প্রকল্পের ফলে পূর্বপাড়ায় পয়ঃনিষ্কাশনের কী ক্ষতি হতে পারে, সেটি খতিয়ে দেখার অনুরোধ করছি।
