দেশে গত ১০ দিনে করোনায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এক দিনে ফের শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৫৩ জনের। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই গত ১৫ এপ্রিল দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১০ হাজারের বিষাদময় মাইলফলক পেরিয়েছিল। তার সঙ্গে আরো ১ হাজার নাম যুক্ত হতে লাগল মাত্র ১০ দিন।
গত এক দিনে আরো ২ হাজার ৯২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন হলো। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ৪ হাজার ৩০১ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫০টি ল্যাবে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৪৫ হাজার আটটি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৫৭ হাজার ৪৫৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৪৭টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫২ জন পুরুষ আর নারী ৪৯ জন। তাদের ৬৯ জন সরকারি হাসপাতালে, ৩২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ৬৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, তিন জনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং এক জনের বয়স ১০ বছরের কম ছিল।
