২০০ টাকার জন্য বন্ধুকে হত্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০১:২২

সাভারে মাত্র ২শ পাওনা টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে রাজিব শেখ নামে (২৬) এক ট্রাক চালককে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই ভ্যান চালক বন্ধু নাজিম মন্ডলের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্ত নাজিম মন্ডলকে গ্রেফতার করেছে। 

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।


 
এ ঘটনায় নিহতের বাবা আনিস শেখ বাদি হয়ে রবিবার দুপুরে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রাজিব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। বতর্মানে সাভারে বসবাস করে বাস চালাতেন। অপরদিকে আটক নাজিম মন্ডল রাজবাড়ি জেলার মৃত কাদের মন্ডলের ছেলে। সে সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যানচালক হিসেবে কর্মরত রয়েছে। এর আগে দুই বন্ধু একই সঙ্গে সাভার পৌরসভার ময়লার ট্রাক চালাতো বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
 
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ২শ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজিবের গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনার পর পুলিশ আনন্দপুর এলাকা থেকে ঘাতক নাজিমকে গ্রেফতার করেছে। এছাড়া এ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নাজিম মন্ডলকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত থেকে তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

ইত্তেফাক/এসজেড