হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১০:১৯

আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি জেলায় বিধানসভার ৭ম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলাও রয়েছে। এদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠনের লক্ষ্যে গত ২৭ মার্চ থেকে ৮ দফায় বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। আজ সোমবার ৭ম দফায় রাজ্যটির দক্ষিণ দিনাজপুর জেলায় ভোট হচ্ছে। এ কারণে সেখানে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করায় ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে আজ সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে বাংলাদেশ অংশে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু থাকবে। কাল মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

ইত্তেফাক/জেডএইচডি