পরস্পর যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে ভূমির নামজারির দুর্নীতির অভিযোগে রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিস ও সাবরেজিষ্ট্রি অফিসের ৯ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে।
গত সোমবার দুদকের চট্টগ্রাম উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শরিফউদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো মংনি মার্মা, সাবেক কানুনগো (বর্তমান ফেনীর সোনাগাজী উপজেলা ভূমি অফিসের কানুনগো) দীনেশ কান্তি চাকমা, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন, সহকারী কর্মকর্তা (বর্তমান কর্ণফুলি ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত) আবু বক্বর হোসেন ইবনে কাশেম, চৌধুরী মোহাম্মদ আবুল কাশেম, সাবরেজিষ্ট্রি অফিসের অতিরিক্ত নকল নবীস বটন দাশ, সৈয়দুল আলম, দলিল লেখক কাজী আতাউর রহমান ।
মামলার অভিযোগে জানা যায়, তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই নির্দেশ মোতাবেক দুদকের চট্টগ্রাম উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজউদ্দিন মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া থানায় মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে জানান, দুদক কর্তৃপক্ষ মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
