পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে পরেশ হাওলাদার (৬০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো-একই গ্রামের নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রতা হাওলাদ (২৫)।

পরেশ হাওলাদারের স্ত্রী ও মেয়ের আহাজারি। ছবি: ইত্তেফাক
স্থানীয় ও থানা পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক দশটার দিকে স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে জালপাততে যায় নির্মল হাওলাদার ও তার ছেলে সুব্রতা হাওলাদার এবং মাধব চন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ন মিস্ত্রী। এরপূর্বে ওই একই স্থানে বেসন জাল পাতেন পরেশ মিস্ত্রি। যখন পরেশের পাতা জালের সামনে ওই তিনজন জাল পাততে শুরু করলে নিষেধ করেন পরেশ। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনজনে ক্ষিপ্ত হয়ে জেলে পরেশ হালদারকে এলোপাথাড়ি মারধর শুরু করলে পরেশ হালদারের এর মৃত্যু হয়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস পরেশেরে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সোমবার মৃতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে এখনই সকল ঘটনা বলা যাচ্ছে না।
ইত্তেফাক/এএএম
