মুক্তাগাছায় দূষণের কবলে বিষ্ণুসাগর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

মুক্তাগাছা পৌরসভার ঐতিহ্যবাহী শহরের মাঝখানে মনকাড়া বিশাল জলাশয় (দীঘি) বিষ্ণুসাগর ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। চারপাশে এলোপাতাড়ি বাড়ি-ঘর গড়ে উঠায় ঢাকা পড়েছে এই অনিন্দ্যসুন্দর জলজ নিসর্গটি। পর্যটকরা এখন আর দেখতে পান না নজরকাড়া বিষ্ণুসাগরের চারপাশে নারকেল গাছের দীর্ঘ সারি আর নারকেল পাতার ফাঁক দিয়ে উঁকি মারা ভোরের সূর্য। মুক্তাগাছা জমিদারীর প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তৃতীয় পুত্র বিষ্ণু রামের নামানুসারে ১৭শ’ সালের মাঝামাঝি সময়ে ১০ একর জমিতে এই জলাশয় খনন করা হয়। চলতি সপ্তাহে সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তরিকুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি জানান, প্রতিনিয়ত প্রচুর আবর্জনা বিষ্ণুসাগরে ফেলা হয়, যার ফলে টক্সিক এমোনিয়া গ্যাস উত্পন্ন হয়ে পুকুরের মাছের জীবন বিপন্ন করে তুলেছে। পৌরসভার প্যানেল মেয়রকে এ বিষয়ে অবহিত করা হলে পৌরসভার পক্ষ থেকে পুকুরের চারদিকের আবর্জনা অপসারণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দূষণ রোধে পানিতে চুন দেওয়া হয়েছে।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা সরকার জানান, বিষ্ণুসাগর মুক্তাগাছার ঐতিহ্যবাহী জলাশয়। সকলে মিলে এটিকে দূষণমুক্ত রাখতে হবে।