নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী চাচাতো ভাই আসিফকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মহিষডাঙ্গা কারিগর পাড়ার মাঠের ভুট্টাক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার (২৬ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা থেকেই আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে এলাকায় মাইকিং করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, আসিফ আলী তার চাচাতো ভাই হাবিবকে বাজার থেকে বিস্কুট কিনে আনতে বলে। পরে হাবিব বাজার থেকে বিস্কুট কিনে আনার পথে সে একটি বিস্কুট খেয়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। এক পর্যায়ে আহসান হাবিবের বাবা অভিযুক্ত প্রতিবেশী আসিফের বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এসময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্কুট খেয়ে ফেলার অপরাধে গলাটিপে হত্যার দায় স্বীকার করে। তার কথামত ভুট্টার ক্ষেতে গিয়ে আহসান হাবিবের মৃতদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গতরাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মৃতদেহটি উদ্ধার করেন।
নিহত আহসান হাবিব ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। আর ঘাতক আসিফ একই গ্রামের নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি। সোমবার সকালে হাবিবের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম
