ডুমুরিয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ-উঠান বৈঠক

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:১৪

উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় নিজেদেরকে প্রার্থী হিসাবে ভোটারদের কাছে আত্মপ্রকাশ করে চলেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে এলাকায়, শো-ডাউন করে চলেছেন। চায়ের দোকান থেকে শুরু করে গ্রামগঞ্জের, হাট-বাজার, মহল্লা ও পাড়ায় পাড়ায় চলছে আলোচনা সভা ও উঠান বৈঠক।

ইতোমধ্যে অনেক সম্ভাব্য প্রার্থী জেলা থেকে কেন্দ্র পর্যন্ত নেতা-কর্মীদের সাথে মনোনয়ন পাওয়ার জন্য লবিং শুরু করেছেন। এছাড়া তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা মতবিনিময় ও সমর্থন পাওয়ার জন্য বৈঠক করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে প্রার্থিতার ছবি সম্বলিত প্রচার আবেদন। সম্ভাব্য প্রার্থীদের আত্মীয়, শুভানুধ্যায়ী ও অনুগত নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে ফেসবুকে চালাচ্ছেন বিভিন্ন এলাকার প্রচারণা।

উপজেলা চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে ও গণসংযোগ করে চলেছেন খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, চুকনগর গণহত্যার স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটি, ডুমুরিয়া শাখা, চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহনওয়াজ হোসেন জোয়ার্দ্দার, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজিবুর রহমান, গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, সাংবাদিক মোস্তফা সরোয়ার,  ছাত্রলীগের নেতা কাজী আলমগীর হোসেন নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ডুমুরিয়া ১১নং ইউপি চেয়ারম্যান ও আওয়ামী নেতা গাজী হুমায়ুন কবির বুলু, আটলিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, পরিকল্পনা কমিশন বিভাগের বিভাগীয় প্রধান সরদার ইলিয়াস হোসেন, মরহুম সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর ছেলে এজাজ আহমেদ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক করে চলেছেন। অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার রাখি, সহ-অধ্যাপক কৃষ্ণ প্রসাদ মল্লিক, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৈধ্য, খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার ব্যবসা-বাণিজ্য সম্পাদক, আওয়ামী সদস্য রতন কুমার কুণ্ডু ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগে নেমেছেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থীকে এখনও গণসংযোগে দেখা যায়নি।