শিশু আহাদ হত্যায় গ্রেফতার যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৯:০৮

রাজধানীর বিমানবন্দর এলাকায় শিশু আহাদ হত্যার ঘটনায় মোহাম্মদ আলী ওরফে রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে বিমানবন্দরের কাওলা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ইট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার দায় স্বীকার করে সোমবার (২৬ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রুবেল। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির বিমানবন্দর জোনের এডিসি তাপস কুমার দাস। 

এডিসি তাপস বলেন, গত রবিবার সকালে বিমানবন্দরের বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ঘাস ও লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় দশ বছরের শিশু আহাদের লাশ পাওয়া যায়। আহাদ বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ভাসমান হিসেবে শাকিল নামে একজন হকারের সঙ্গে কাজ করতো।
আহাদ নিহতের ঘটনায় শাকিল বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হয়। গত শনিবার রাতে শিশু আহাদকে যৌন নিপীড়ন করার চেষ্টা করেও ব্যর্থ হন রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে শিশু আহাদের মাথায় আঘাত করলে সে মারা যায়। পরে ঘটনাস্থলে লাশটি ঘাস ও লতাপাতা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় রুবেল।
ইত্তেফাক/এমএএম