রংপুর নগরীর কামার পাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে প্রায় দেড় ঘণ্টা ঝুলন্ত থাকা এক অজ্ঞাত যুবককে জীবিত অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করলেও পরে ওই যুবকের মৃত্যু হয়। যুবকের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। সোমবার (২৬ এপ্রিল) ভোরে নগরীর কামাড় পাড়া বাস টার্মিনাল রোডস্থ করণজাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার যুবকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে বিদ্যুতের খুঁটিতে আগুন ও তারে আটকা পড়া এক যুবককে দেখতে পান। দ্রুত ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় মৃত্যু যন্ত্রণায় দেড় ঘণ্টার বেশি সময় যুবককে বিদ্যুতের তারে ঝুলন্ত থাকতে হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুলন্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা বলেন, কিভাবে ওই যুবক বিদ্যুতায়িত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও পরে জানতে পারি সে মারা গেছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই মজনু মিয়া বলেন, ওই যুবকের কোন ঠিকানা পাওয়া যায়নি। তার স্বজনদের খোঁজা হচ্ছে। বর্তমানে লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
