বর্ণিল পোশাকে

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৩০

ঈদ এলেই নতুন নকশা, বর্ণিল মোটিফসহ বাহারি ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় দেশীয় ফ্যাশন হাউজগুলো। এবারের প্রস্তুতিও ছিল বেশ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে তা হতাশায় পরিণত করছে প্রায়। তাই তো হাউজগুলোর পোশাকগুলো অনলাইনেই দেখা মিলছে।

n  লোপা চৌধুরী

ঈদ, উত্সব কিংবা যে কোনো অনুষ্ঠানে নিজেকে ভিন্ন লুকে সাজাতে সবারই ভালো লাগে। তাই কেউ শাড়ি, কেউ-বা জমকালো লেহেঙ্গা আবার কেউ বর্ণিল মোটিফের সালোয়ার কামিজ পরতে পছন্দ করেন। হাল ফ্যাশনে পোশাকে যুক্ত হয়েছে বাহারি ডিজাইনের সঙ্গে ফ্যাশনেবল শাড়ি। রাজধানীর অভিজাত ফ্যাশন আউটলেটগুলোতে এসব জমকালো ও বর্ণিল পোশাক পাওয়া যায়। এছাড়া আমাদের দেশে এখন বিভিন্ন অনলাইন ক্লোথিং শপও রয়েছে। যেখান থেকে আপনি সহজেই অর্ডার করে বাসায় বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের পোশাকটি। তেমনি একটি অনলাইন ক্লোথিং শপ ‘মাহা’। ২০১৮ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে এটি। এই ফ্যাশন শপে বিশেষভাবে ডিজাইন করা শাড়ি, টপস ও লেহেঙ্গা পাওয়া যায়। বাহারি ডিজাইনের এসব পোশাকগুলো হালের তরুণীদের মন জয় করেছে। অনলাইন ক্লোথিং শপ মাহা’র সিইও এবং ডিজাইনার জাকিয়া মুন বলেন, ‘উত্সবে, ঘরে-বাইরে নারী যেন শাড়িতেই অতুলনীয়। উত্সবের শাড়ি হওয়া চাই আরামেরও। এ জন্য বেশি প্রাধান্য পেয়েছে এন্ডি সিল্ক, সুতি ও মসলিন। এক প্যাঁচ স্টাইলে পরার জন্য সুতি শাড়ির তুলনা নেই। আর শাড়ির আঁচলে রয়েছে ভেদাভেদ। ছোট আঁচলের শাড়ি বেশ স্টাইলিশ লুক আনে। এক্ষেত্রে জামদানি, হাফসিল্ক খাপে খাপ। আর ফেস্টিভ ফিউশনের জন্য কাতান, সিল্ক ও হাফ সিল্ক শাড়ির কোনো বিকল্প নেই। ঈদের শাড়িতে একটি দ্বিমাত্রিক মজা রয়ে যায়। ডিজাইনগুলোতে যেমন পাওয়া যায় ঐতিহ্য; কমতি নেই বৈচিত্র্যেও। এই দুয়ে মিলে একাকার হয় ঈদের শাড়িতে। তার সবচেয়ে বড় প্রমাণ মেলে ঈদের জন্য করা মসলিন ও জামদানি শাড়িতে। মসলিনে দেখা যায় দপকা, বির্টস, জরি, পাল্স দিয়ে বিভিন্ন নকশা করা হাতের কাজ।’ তিনি বলেন, ‘আজকাল পোশাকের মধ্যে লেহেঙ্গা খুব ট্রেন্ডি। উত্সব বা অনুষ্ঠান সবকিছুতেই মেয়েরা এই পোশাকটি বেশি পছন্দ করেন। আর পার্টিতেও এই পোশাক বেশ চলনসই। লেহেঙ্গা বেশ স্টাইলিশ এবং দেখতেও বেশ ভালো লাগে। ব্লাউজের সঙ্গে স্কার্টের কম্বিনেশন বেশ অসাধারণ। আমাদের ডিজাইন করা শাড়ি, টপস ও লেহেঙ্গাগুলোতে স্টোন, মিরর ও হেভি মেটালের কাজ বেশি। তাই ফ্যাশনসচেতন মেয়েরা নিজেকে ভিন্ন লুকে উপস্থাপন করতে আমাদের পোশাক কিনে। সেইসঙ্গে আমাদের ক্লথিং শপে ফ্যাশনেবল, আধুনিক ও স্টাইলিশ ইনারওয়্যার পাওয়া যায়। করোনার এই সময়ে অনলাইনেই কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন সচেতন নাগরিকরা। নিজস্ব সাইট বা ফেসবুক পেজ ছাড়াও ক্রেতাসাধারণ আমাদের সব ধরনের প্রোডাক্ট ‘আনন্দবাজার’র অনলাইন থেকেও কিনতে পারবেন।’

সৌন্দর্যের পাশাপাশি আভিজাত্যকেও ফুটিয়ে তোলে পোশাক। তাই মনে রাখতে হবে, যে কোনো উত্সব বা অনুষ্ঠানের জন্য আপনি যখন পোশাক হিসেবে গর্জিয়াস বা জমকালো কিছু বেছে নিবেন, তখন অবশ্যই আপনার মেকআপটা যেন পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এক্ষেত্রে চুলের স্টাইলটা ভিন্ন হলেই ভালো হয়। পোশাক নির্বাচনের ক্ষেত্রে নেকলাইন, ফেব্রিকের রঙ এবং টেক্সচারের দিকে নজর দিন। পোশাকের সঙ্গে জুতাটাও হতে হবে মানানসই। সবশেষে প্রিয় সুগন্ধির ছোঁয়া নিতে ভুলবেন না যেন! 

মডেল মুন

পোশাক ও ছবি মাহা