সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরে হঠাত্ বেগুনের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বেগুন চাষিরা। গত সোমবার উপজেলার প্রধান ব্যবসাকেন্দ্র হাটকৃষ্ণপুর, মজুমদার বাজার, যাত্রাবাড়ী বাঁধানোঘাট, কাটাখালীসহ বিভিন্ন হাটবাজারে দেখা যায়, বর্তমানে প্রতি মণ বেগুন ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও ১৭০০-২০০০ টাকা দরে বিক্রি হয়েছে। বেগুন চাষি আলম মতুব্বর, সোনা মাতুব্বর, লাল মিয়া মোল্লা জানান, প্রতি বিঘা জমিতে বেগুন চাষ করতে ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে। রমজানের পর বাজার দর আরো কমে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় বলেন, আবহওয়া অনুকূলে থাকায় বেগুনের ফলন ভালো হয়েছে।
