৯ কার্যদিবস পর পতনেও শেয়ারবাজারে বেড়েছে লেনদেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর থেকেই টানা ৯ কার্যদিবস উত্থানের পর গতকাল সোমবার কিছুটা পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আজও ১ হাজার ২০০ কোটি টাকার কাছাকাছি হয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ দশমিক ৮৬ পয়েন্টে। তবে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ৭ দশমিক ০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬২ দশমিক ৮০ পয়েন্টে এবং ২ হাজার ১২৫ দশমিক ৮৯ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০২টির বা ২৮ দশমিক ৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ারদর কমেছে ১৯১টির বা ৫৩ দশমিক ৮০ শতাংশের এবং বাকি ৬২টির বা ১৭ দশমিক ৪৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮২৮ দশমিক ৮২ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ১৩৪টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।