নওগাঁয় ৪৭০ বস্তা নকল সার জব্দ, কারখানা সীলগালা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২১

নওগাঁয় আবারো নকল সার কারখানার সন্ধান মিলেছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলার শিল্প নগরীর (বিসিক) পেছনে শালুকা গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭০ বস্তা নকল সার ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। টের পেয়ে পালিয়ে যায় কারখানার মালিক ইমদাদুল হক। ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সীলগালা করে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ যা করা যায় সে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই জানান, ঘটনার মূল হোতা এদাদুল হক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। ভ্রাম্যমাণ আদালত গোডাউনটি সীলগালা করে দিয়েছে।

গত বছরের ১৫ সেপ্টেম্বর জেলার মান্দা উপজেলার বৈদ্যপুর বাজারে নকল সার ও কীটনাশক কারখানার সন্ধান এবং ৩ সেপ্টেম্বর পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুরে নকল কীটনাশকসহ ১০লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করে পুলিশ।