সিজারের তিন ঘন্টা পর নবজাতক চুরি

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:২৬

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারী ‘সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার’ থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরির ঘটনা ঘটে।

নবজাতকের স্বজনেরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা এক নারীর কাছে নাতনীকে ধরতে দেন তিনি। এরপর তিনি ওযু করে পাশের একটি কক্ষে নামাজ পড়তে যান। এসে দেখেন সেই মহিলা আর নেই। তার নাতনীকে নিয়ে চলে গেছে। 

সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিক আব্দুল হামিদ জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ডা. প্রবীর কুমার ও ডা. প্রফুল্ল কুমার মজুমদার সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও নবজাতক সুস্থ ছিল। তাদের বাড়ি উপজেলার বলিদাপাড়ায়। মাগরিবের আজানের সময় নাকি নবজাতকটি চুরি হয়েছে শুনেছি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা. মাহফুজুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। 

 

ইত্তেফাক/এনএ