প্রশাসন ও আন্দোলনরত শিক্ষকরা নিজ নিজ অবস্থান ও সিদ্ধান্তে অটল রয়েছেন। আর এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
পড়েছে সেশনজটে, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর তাই বাধ্য হয়েই এবারে প্রশাসনিক পুরো কার্যক্রম বন্ধ করে দিয়ে ওই ভবনে তালা ঝুলিয়েছে তারা। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে সংকট নিরসন করা না হলে, ক্লাস-পরীক্ষা চালু করা না হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, ট্রান্সপোর্টসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে। গত সোমবার দুপুরে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)’র প্রশাসনিক ভবন থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বসে বিক্ষোভ করেছে।
