ভারতের ৫ রাজ্যের ১৫০ সিনেমা হলে বাংলাদেশের মেঘলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৩০

বাংলাদেশের অনেক তারকাই ভারতীয় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। অনেকে সফলতা পেয়েছেন, মিলেছে পুরস্কারও। কিন্তু এবার সবাইকে ছাপিয়ে তেলেগু ইন্ডাস্ট্রির মূলধারার একটি ছবিতে অভিনয় করে চমকে দিলেন ঢাকার মডেল-নায়িকা মেঘলা মুক্তা। এই মডেল অভিনীত ‘সাকালাকালা ভাল্লাভুডু’ শিরোনামের চলচ্চিত্রটি ১ ফেব্রুয়ারি ভারতের ৫ রাজ্যের ১৫০ হলে মুক্তি পাচ্ছে।

ছবিটির শুটিং হয় ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরালায়। ছবি মুক্তির প্রচারে মেঘলা হায়দ্রাবাদ গেছেন ২৭ জানুয়ারি। সেখান থেকে তিনি বলেন, ‘হায়দ্রাবাদ শহরের বাইরে বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরেলা ও অন্ধ্র প্রদেশ-এই ৫ রাজ্যে ১৫০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাকালাকালা ভাল্লাভুডু। এখানকার কয়েকটি বড় বড় মাল্টিপ্লেক্সেও চলবে ছবিটি। তামিল, তেলেগু, বলিউডের সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে চলবে এ ছবিটি।’

ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন তানিস্ক রেড্ডি। অন্যদিকে মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’-এ খল অভিনেতা ছিলেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। তেলেগু ভাষার বাণিজ্যিক ঘরানার এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিশ্চয়ই সহজ কিছু ছিল না। মেঘলা বলেন, ‘ভারতে গিয়ে তেলেগু ভাষার ছবিতে অভিনয় করা আসলেই কঠিন একটা কাজ ছিল। কোনোদিনই এমন সুযোগ পাবো বলে আশা করিনি। এটা এক অন্যরকমের অভিজ্ঞতা ছিল।’

ছবিটির প্রচার সম্পর্কে মেঘলা আরো বলেন, ‘এখানে ছবির প্রচারণায় ছোটাছুটি করছি। এই ইন্ডাস্ট্রিতে আমি নতুন। তারপরেও এখানকার মানুষের মধ্যে আমাকে নিয়ে বেশ উত্সাহ দেখতে পাচ্ছি। নিজের কাছে অনেক ভালো লাগছে। তবে নার্ভাস ফিল করছি। ১ ফেব্রুয়ারি ছবি মুক্তি উপলক্ষে আগামীকাল এখানে সংবাদ সম্মেলন এবং ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। মুক্তির পর বিভিন্ন সিনেমা হলে ঘুরে ঘুরে দেখবো। মুক্তির পর আরো প্রমোশনের জন্য সপ্তাহ দেড়েক থাকা লাগবে এখানে।’

মেঘলা বাংলাদেশের পরিচিত মডেল। কাজ করেছেন দেশের নামী সব ফ্যাশন হাউজের সঙ্গে। এছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও সর্বশেষ শাকিব খানের ‘নবাব’ ছবিতে অভিনয় করেছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে দক্ষিণের নায়িকা হয়েছেন মেঘলা।