কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও পুলিশ অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় এক মাঝিসহ ৩০ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট ক্যাম্পে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ডের বাহারছড়া স্টেশনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২০ জন মহিলা, ৫ জন পুরুষ, ৫ জন শিশু রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লে: কমান্ডার আমিরুল হক জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল ২০২১ তারিখ বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গত ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের কবলে পড়ে, এসময় ডাকাতদল তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়।
এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। এমন খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে উদ্ধারকৃতরা জানান, গত ২৫ এপ্রিল রাতে তারা মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রার বেশ কিছুক্ষণ পর সাগরের জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যু দল তাদের টাকা,স্বর্ণালংকার ও মালামাল লুটে নেওয়ার পর ইঞ্জিনটি বিকল করে দেন। এরপর তারা সাগরে ভাসতে ভাসতে টেকনাফ উপকূলে পৌঁছলে কোস্টগার্ড জওয়ানেরা গিয়ে তাদের উদ্ধার করে।
ইত্তেফাক/এসআই
