‘এমন সিনেমা করবো না’

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৩১

বলিউডে সাম্প্রতিক সময়ে যে ক’জন অভিনেত্রীকে নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম সারা আলী খান। মাত্র দুটো সিনেমাতে অভিনয় করেই সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা। বলিউডের নামজাদা পরিচালক ও অভিনয়শিল্পীরা তার সুনামে মুখর।

বক্স অফিসে নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’ মোটামুটি ব্যবসা করলেও অভিনয়ের প্রশংসা পান তিনি। আর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ তাকে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। গত ২৮ ডিসেম্বর পর্দায় ওঠে ছবিটি এবং এখনো প্রেক্ষাগৃহগুলোতে চলছে। শুধু ভারতের বক্স অফিসে এ পর্যন্ত ছবিটির আয় ২৩৯ কোটি রুপি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে মা অমৃতা সিংয়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সারা জানান, তার মা তার সঙ্গে কাজ করবেন বলে মনে করেন না তিনি। কিন্তু কেন কন্যার সঙ্গে অভিনয় করবেন না অমৃতা?

বিষয়টি ব্যাখ্যা করে সারা আলী খান বলেন, ‘আমি মনে করি না তিনি (অমৃতা) আমার সঙ্গে কাজ করবেন। বাবা করবেন বলে মনে হয়, কিন্তু মা করবেন না। কারণ শট নেওয়ার সময় আমার দিকে ভ্রু কুঁচকে ড্যাব ড্যাব করে তাকাবেন। কারণ সে আমার মা। তাই আমি মনে করি, আমার সঙ্গে কাজ করাটা তার জন্য সবচেয়ে পঁচা ব্যাপার হবে এবং সম্ভবত আমার জন্য তার সঙ্গে কাজ করাটা হবে সবার সেরা।’

বি-টাউনে গুঞ্জন পরিচালক ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি ‘লাভ আজকাল ২’-তে বাবা সাইফের সঙ্গে দেখা যেতে পারে সারাকে, যদিও নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে, সাইফও ‘ভিত্তিহীন’ বলে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

বাবার সঙ্গে কাজ করা প্রসঙ্গে এর আগে সারা বলেছিলেন, সেই ছবিটি হবে একেবারেই ‘স্পেশাল’। সারা বলেন, ‘আমি বাবার সঙ্গে সিনেমা করতে চাই। কিন্তু ছবি ও আমাদের চরিত্র কী হবে, তা আমাদের উপস্থিতিতেই ঠিক করতে হবে।’