ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘আগামীর ভবিষ্যৎ নির্মাণ করাই হলো বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। শিক্ষকদের শ্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতির মাধ্যমে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত হবে। তারাই দেশের শ্রেষ্ঠ সম্পদ ও আগামীর ভবিষ্যৎ নির্মাণ করবে।’
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত বিভাগ সমূহের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আ আ ম স আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি পবিত্র অঙ্গন। এটি সত্যকে নিয়ে কাজ করে, সত্য অনুসন্ধান করে ও সত্যকে প্রতিষ্ঠিত করে। তাই শিক্ষার্থীরা নিজেরাই ঠিক করবে নিজেদের চলার পথ। আর শিক্ষক তাদের উজ্জীবিত করবে।’
চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি চবি উপ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
আরও পড়ুন: গাঁজা বিস্কুট দিয়ে বদমেজাশি শিশুর চিকিৎসা!
আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর আবদুল হক, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখি, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. আহমদ সালাউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এছাড়া উক্ত অনুষদের ৯টি বিভাগের সভাপতিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইত্তফোক/অনি
