ইত্তেফাক রিপোর্ট
রমজান উপলক্ষ্যে করোনার সংকটে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর-১০ নম্বরে ওয়াই এম সিএ কিন্ডারগার্টেন স্কুল মাঠে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে শাড়ি, লুঙ্গি, চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান বিতরণ করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব উপহারসামগ্রী বিতরণ করেন। এ সময় কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে করোনা সংকটের প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও সারা দেশে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রথম থেকে যুবলীগ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। খাদ্যসামগ্রী, সুরক্ষা সরঞ্জাম ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের দুর্যোগ নিরাময় না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
