উদ্ধার করা ফেনসিডিল বিক্রি করার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীসহ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ছয় দিন পর গতকাল মঙ্গলবার আরো আট পুলিশ সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে এ আট জনকে বগুড়া জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়।
বদলিপ্রাপ্তরা হলেন— মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান, এএসআই মিজান, কনস্টেবল মিজানুর রহমান, কিবরিয়া, অরুপ, মিলন রহমান, সজিব রহমান ও মোজাফ্ফর আলী। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘বদলি করার কোনো বিশেষ কারণ নেই। ফেনসিডিল কেলেঙ্কারির সঙ্গে এই আট জনের কোনো সম্পৃক্ততা নেই।’
গত ৩ এপ্রিল একটি বাস থেকে উদ্ধার করা ১৯৮ বোতল ফেনসিডিলের স্থলে ১১০ বোতল জব্দ দেখিয়ে মামলা দেওয়া হয়। বাকি ৮৮ বোতল ফেনসিডিল পুলিশের এক কর্মকর্তা সোর্সের মাধ্যমে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠে। এমন অভিযোগের পর গত ২১ এপ্রিল তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
