নিজেদের মাঠে টানা তিন পরাজয়। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে ছিটকে এখন তিন নম্বরে। তাহলে সুপার ফোরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল কিনা চিটাগং ভাইকিংসের। জানতে চাইলে ভাইকিংসের তরুণ স্পিনার নাঈম হাসান বলেন, ‘সুপার ফোরে যাওয়া এখনো অতটা কঠিন হয়ে পড়েনি। আরও দু’টি ম্যাচ আছে। ক্রিকেট খেলায় অসম্ভব বলে কিছু নেই। এর আগে আমরা টানা ৫ ম্যাচ জিতেছি। এমনও হতে পারে পরের দুইটা ম্যাচই জিততে পারি।’
ঘরের মাঠে ছন্দপতনের কারণ জানতে চাইলে নাঈম বলেন, ‘সব কিছুই ঠিক আছে। শুধু জয়টা আসছে না। যেদিন যে টিম ভালো খেলবে, দিনটা তাদেরই হবে।’ গতকালের ম্যাচে হার প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমাদের রান একটু কম হয়েছে। শুরুতেই উইকেট চলে গেছে। ক্রিকেটের মধ্যে এটা হয়।’ বৃষ্টির কারণে প্রথম দিকে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। খারাপ আবহাওয়ার কোনো প্রভাব ছিল কিনা জানতে চাইলে নাঈম হাসান বলেন, ‘না। ওরা ভালো বোলিং করেছে। সেজন্য আমাদের উইকেট পড়ে গেছে। তাই রানটা কম হয়েছে।’
স্থানীয় দর্শকদের প্রত্যাশা বেশি ছিল। জিতলে তারা খুশি হতো। এখন তারা কিছুটা হতাশ। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘সবাই জেতার জন্য মাঠে নামে। আমরা কাছাকাছি গিয়ে রাজশাহীর সঙ্গে একটা ম্যাচ হারলাম। আজকের ম্যাচে রান কম হয়েছে। আরও ১০-২০টা রান হলে ফাইট হতো। আমরাতো চেষ্টা করছি।’ আজ চট্টগ্রামে ঢাকার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা নিয়ে চিন্তা-ভাবনা কি? জবাবে নাঈম বলেন, ‘এই উইকেটটায় ব্যাটসম্যানরা যদি ভালো শুরু করে, তাহলে সুবিধা থাকবে। সাকিব ভাই বলেছিলেন, এখানে টপঅর্ডারে যারা রান পাবে তারা জিতবে।’
