ওয়ানডে সিরিজ

পারভেজের ব্যাটে যুবাদের জয়

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪২

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে ইংল্যান্ডকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল আকবর আলীর দল। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ২ ফেব্রুয়ারি।

টস জিতে আগে ব্যাট করে সাত উইকেটে ২০৯ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড যুব দল। জবাবে পারভেজ হোসেনের হাফ সেঞ্চুরিতে ৪৫.৪ ওভারে পাঁচ উইকেটে ২১০ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা। পারভেজ হোসেন ম্যাচ সেরা হন।

সফরকারীদের দেয়া ২১০ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার তানজিদ হাসানের (৯) উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ ও পারভেজ হোসেন দলের হাল ধরেন। তারা ৮২ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙে প্রান্তিক নওরোজ ৪৮ রান করে আউট হলে। তৃতীয় উইকেটেও মাহমুদুল হাসানের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন পারভেজ হোসেন। একপ্রান্ত আগলে তিনি তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১৭৯ রানে মাহমুদুল হাসান ফিরে যান। তিনি ৩৩ রান করেন। দলকে জয় থেকে ২৪ রান দূরে রেখে আউট হন পারভেজ হোসেন। অ্যাডাম ফিঞ্চের শিকার হওয়ার আগে এই যুবা ১২১ বলে ৮০ রানের (৫ চার, ২ ছয়) অনবদ্য ইনিংস খেলেন। শামীম হোসেন (১১) স্থায়ী হতে না পারলেও অধিনায়ক আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। আকবর আলী অপরাজিত ১০, মৃত্যুঞ্জয় চৌধুরী অপরাজিত ৫ রান করেন। ইংলিশদের পক্ষে অ্যাডাম ফিঞ্চ, হলম্যান, টম, হামিদউল্লাহ কাদরি একটি করে উইকেট পান।

এর আগে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছিল সফরকারীরা। ২ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। তানজিম হাসান সাকিবের বোলিং তোপে ৪৫ রানের মাথায় আরও দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরেন। বিপদ পড়ে বেড়ানো ইংলিশরা ১০৭ রানে ৬ উইকেট হারায়। সপ্তম উইকেটে গোল্ডসওয়ার্থি ও হলম্যান প্রতিরোধ গড়েন। তাদের ৭১ রানের জুটিতেই ইংল্যান্ডের স্কোরটা দুইশ’ পার হয়। ৬১ রান করে গোল্ডসওয়ার্থি রান আউট হন। হলম্যান অপরাজিত ছিলেন ৩৫ রানে। আলড্রিজ অপরাজিত ২১, জর্জ হিল ৩০, টম ল্যামনবাই ১৭, জেমি স্মিথ ১২, চালর্সওয়ার্থ ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৪৭ রানে তিনটি, রাকিবুল হাসান দুটি, আশরাফুল আলম সিয়াম একটি করে উইকেট পান।