সাইফের প্রথম হার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

আগের খেলায় মোহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে উড়তে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ এবার হারালো সাইফ স্পোর্টিং ক্লাবকে। এমনকি ৫৫ মিনিটে দশজনের দলে পরিণত হওয়ার পরও জয়টি ধরে রাখতে সক্ষম হয় তারা।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগের এ খেলায় আরামবাগ ১-০ গোলে জিতেছে। ৭৬ মিনিটে ম্যাথিউ চিনেডুর গোলে জয়টি তুলে নেয় আরামবাগ। ঘটনাক্রমে এই স্টেডিয়াম আবার উভয় দলেরই ‘হোম ভেন্যু’।

আরামবাগ আত্মবিশ্বাসী হয়েই এদিন মাঠে নামে। আগের দুই খেলায় জয়ের কারণে আত্মবিশ্বাস ছিল সাইফ স্পোর্টিংয়েরও। সঙ্গত কারণেই উপভোগ্য খেলাই হয়েছে এদিন ময়মনসিংহের মাঠে। যদিও শেষ হাসি হেসেছে আরামবাগ।

নিজেদের রক্ষণভাগ থেকে সতীর্থ আব্দুর রহমানের দূরপাল্লার জোগানে বলটি পেয়েছিলেন চিনেডু। আরামবাগের নাইজেরিয়ান এই স্ট্রাইকার দ্রুত বলটি আয়ত্তে নিয়েই বিপক্ষ ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করেন। এরপর দুর্দান্ত ভলিতে বল জড়িয়ে দেন সাইফের জালে।

সাইফও সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের ফরোয়ার্ডরা প্রাপ্ত সুযোগগুলোতে পূর্ণতা দিতে পারেননি।

কোচ মারুফুল হকের দল অবশ্য একজন কম নিয়ে খেলেও শেষ পর্যন্ত গোলটি ধরে রাখতে সক্ষম হয়। মিডফিল্ডার আরাফাত হোসেন বিপক্ষের একজন খেলোয়াড়কে মারাত্মক ফাউলের কারণে লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কৃত হন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি করে খেলা শেষে আরামবাগ দ্বিতীয় জয়ে ছয় পয়েন্ট পেল। সাইফ হারলেও আগে পাওয়া দুই জয়ের সুবাদে তাদের পয়েন্টও সমান ছয়।

আজকের খেলা

মোহামেডান-ব্রাদার্স, ৪টা বঙ্গবন্ধু স্টেডিয়াম। বসুন্ধরা কিংস ও নোফেল, ৩টা শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী।