সাভার থেকে নয় বছরের এক শিশুকে অপহরণের চার দিন পর মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) গভীর রাতে মানিকগঞ্জ জেলার সদর থানার নবগ্রাম ইউনিয়নের বড়ঙ্গাইল গ্রাম থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার ও তিন অপহরণকারী গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গত ২৩ এপ্রিল শুক্রবার সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় বাড়ির পাশে একটি খেলার মাঠ থেকে ওই শিশুটিকে কৌশলে অপহরণ করা হয়।
অপহৃত শিশু মো. ইসতেফাত হোসেন সোহান (৯) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভাঙনা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে সাভারের কর্ণপাড়া এলাকায় তার নানা হাসেম উদ্দিনের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মানিকগঞ্জ জেলার সদর থানার হারুন মিয়ার ছেলে হাবু মিয়া (৪৫), একই জেলার হরিরামপুর থানার পাঁচ বাড়ই গ্রামের তোতা মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৪) ও একই থানার তালে গোপালপুর গ্রামের চান আলী বেপারীর ছেলে করিম বেপারী।
পুলিশ জানায়, ২৩ গত এপ্রিল সকাল ১১টার দিকে কর্ণপাড়া এলাকায় বাড়ির পাশে খেলার মাঠে খেলতে যায় শিশু ইসতেফাত হোসেন সোহান । এসময় অপহরণকারীদের একজন শিশুটিকে পাখি কিনে দেয়ার কথা বলে আড়ালে ডেকে নিয়ে অপহরণ করে। অনেক খোঁজ করেও শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্বজনরা। এরপর মঙ্গলবার শিশুটির নানার মুঠোফোনে কল করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীদের ধরতে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠায় পুলিশ। এর সূত্র ধরেই পুলিশ প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে। পরে মানিকগঞ্জ র্যাব ক্যাম্পের সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে সদর থানার বড়ঙ্গাইল গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন স্থানে র্যাকি করে শিশু অপহরণ ও মুক্তিপণ আদায় করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করেছে। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর নানা হাসেম উদ্দিন। দুপুরে আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম
