বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, বাংলাদেশের চলমান উন্নয়ন কাজে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশ বড় বড় উন্নয়ন প্রকল্প সফল ভাবে বাস্তবায়ন করতে সক্ষম। যথাসময়ে এখন উন্নয়ন কাজ শেষ হচ্ছে। এডিবির সহায়তার আওতায় ১৩ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে স্থলবন্দরের অবকাঠামোর উন্নয়ন, টঙ্গী ও জয়দেবপুরে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো উন্নয়ন এবং এডিবি ও জিবিও এর অর্থায়নে ট্রেড ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির ওপর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া বুড়িমারী স্থলবন্দর উন্নয়নে এডিবি’র অর্থায়নে ইতোমধ্যে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বেনাপোল স্থলবন্দর উন্নয়নে ১০০ কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনগুলোতে বাংলাদেশে এডিবি’র সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। বাণিজ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম এবং ডব্লিউটিও এর মহাপরিচালক মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।
