রে জা উ ল ক রি ম খো ক ন
মুক্তি প্রতীক্ষিত হলিউডি জোম্বি অ্যাকশন সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’ নিয়ে এখন দুনিয়াজুড়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। বহু সাড়া জাগানো হলিউডি সুপারম্যান মুভির নির্মাতা জ্যাক সিন্ডার পরিচালিত শ্বাসরুদ্ধকর, নাটকীয়, অবিশ্বাস্য ঘটনানির্ভর গল্পের ছবিটি আগামি মাসে একযোগে প্রেক্ষাগৃহে এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে ‘আর্মি অব দ্য ডেড’ ছবির ট্রেলার-টিজার দেখেছেন সারা বিশ্বের কোটি কোটি দর্শক। সেখানে হলিউডের জনপ্রিয় সব তারকা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বলিউড অভিনেত্রী হুমা কুরেশী সবার নজর কেড়েছেন আলাদাভাবে। বহুল আলোচিত এক প্রতীক্ষিত হলিউডি অ্যাকশন ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছবির ট্রেলার টিজার প্রকাশ পেতেই তাতে হুমার পর্দা উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে বটে। বলিউডে তার সহকর্মী অনেক শিল্পী কলাকুশলী অভিনন্দিত করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন তাকে। হলিউডে হুমার অভিষেক এই করোনাকালেও বেশ আলোড়ন তুলেছে। হালে আরেকটি কাজের জন্যও তাকে নিয়ে বেশ হইচই হচ্ছে। ওটিটি প্ল্যাটফরম সনি লিভ-এ আসছে নতুন ওয়েব সিরিজ ‘মহারানী’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের এই অভিনেত্রী। এখন সনি লিভ’র আসন্ন ওয়েব সিরিজটির ট্রেলার টিজার অনলাইনে দেখা যাচ্ছে। যেখানে সাধারণ গৃহবধু থেকে রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী বনে যাওয়া মহারানির ভূমিকায় হুমা কুরেশিকে দেখে দর্শক আরেক দফা অবাক হয়েছেন। ‘মহারানী’ ওয়েব সিরিজটি অভিনেত্রী হিসেবে তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দেবে বলে ধারণা করছেন সবাই। মডেল থেকে বলিউডে অভিনেত্রীরূপে অভিষিক্ত হয়েই দর্শক সমালোচক সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে। দুই পর্বের সাড়া জাগানো ছবিটিতে প্রত্যন্ত গ্রামের এক কুখ্যাত অপরাধীর স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। তার অভিনয়ের স্বতঃস্ফূর্ততা, গভীরতা, প্রাণময়তা দর্শকদের খুব সহজেই স্পর্শ করেছিল। প্রথম অভিনীত ছবিটিতে হুমা কুরেশীর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়ে প্রখ্যাত চিত্রনির্মাতা গোবিন্দ নিহালনি প্রয়াত সুঅভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করেছিলেন। এরপর ‘দেঢ় ইশকিয়া’, ‘এক থি ডায়ান’, ‘লাভ সাভ চিকেন কুরানা’, ‘বাদলাপুর’, ‘জলি এলএলবিটু’, ‘ডি ডে’, ‘ভাইস রয় হাউজ’, ‘কালা’ প্রভৃতি সিনেমায় তার উজ্জ্বল উপস্থিতি বিপুলভাবে প্রশংসিত হয়েছে। দীপা মেহতার ওয়েব সিরিজ ‘লীলা’য় মূল ভূমিকায় তাকে চ্যালেঞ্জিং পারফরমেন্স করতে দেখা গেছে। ৩৪ বছর বয়সী হুমা বলিউডে এবং দক্ষিণী সিনেমায় কাজ করে যাচ্ছেন সমান তালে। কিছুদিন আগে কাজ শেষ করেছেন বলিউডের ‘বেলবটম’ ছবির। এ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। অভিনয় প্রসঙ্গে হুমা কুরেশী বলেন, ‘আমি মডেলিং জগত থেকে সিনেমায় এলেও আমার মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। যা আমাকে ভালো অভিনয়ে উদ্দীপ্ত করে।’
