ইমরুল নূর
পাঁচ বছর আগে ‘রঙঢঙ’ সিনেমার মধ্য দিয়ে শোবিজে নাম লিখিয়েছিলেন তরুণ অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা। আহসান সারোয়ার পরিচালিত এ ছবিটির শুটিং শেষ হলেও পরে আর তা মুক্তি পায়নি। তবে ছবিটির ‘বয়স ষোলোতে প্রেম’ গানটি মুক্তি পেলে তা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। গানটি দিয়ে পরিচিতি পেতে শুরু করেন এ অভিনেত্রী।
এরপর মাঝে কয়েকবছর অভিনয়ে দেখা না গেলেও নিয়মিত ‘খেয়ালী’ গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালের শেষের দিকে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘কল্প তরুর গল্প’ নাটক দিয়ে আবারও অভিনয়ে ফিরেন মাহিমা। এরপর একাধারে ১৫-১৬টি নাটক, ৫-৬টি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। একটু একটু করে দর্শকমহলে পরিচিতি বাড়তে থাকে তার। ‘বদমাইশ পোলাপাইন’ ওয়েব সিরিজের দুই সিরিজ দিয়ে তিনি দারুণ দর্শকপ্রিয়তা পান।
এরমধ্যে ঈদের বিশেষ টেলিছবি ‘মরণোত্তম’র শুটিং শুরু করেছেন। সঞ্জয় সমদ্দার পরিচালিত এ ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মাহিমা বলেন, ‘এ কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কারণ, অনেকদিন পর নিজস্ব ট্র্যাকের বাইরে একদমই ভিন্ন একটা চরিত্রে কাজ করছি, যা এর আগে আমার করা হয়নি। এটা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না, দর্শকরা দেখার পরই বুঝবে।’ নিজেকে দর্শকদের ভালোবাসার মানুষ হিসেবে গড়ে তুলে অভিনয়েই প্রতিষ্ঠিত করতে চান মাহিমা।
