বিশেষ প্রতিনিধি
করোনা প্রাদুর্ভাবের কারণেই মার্কেট ও শপিংমলে আগত সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। সেই সঙ্গে মাস্ক পরার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় সম্মানিত নাগরিকদের প্রতি এই আহ্বান জানান ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের ব্যবস্থা নিতে বলেন তিনি। ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
