ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ মঙ্গলবার দিল্লিতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর আনন্দবাজার পত্রিকা
বেশ কিছুদিন ধরেই অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত ছিলেন তিনি। জনতা দলের অন্যতম মুখ ছিলেন ফার্নান্ডেজ। সমতা পার্টির প্রতিষ্ঠাতা জর্জ ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে জয়প্রকাশ নারায়ণের অনুগামী এই নেতা রাজনীতির আঙিনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন রেল ধর্মঘটের নেতা হিসেবেই। ১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্ম হয় জর্জ ফার্নান্ডেজের। ১৯৫০ সালের পর থেকে তিনি ক্রমশ একজন শ্রমিক নেতা হিসেবে প্রচারের আলোয় চলে আসেন।
