বগুড়ায় আইআইটিবির পরিচালক সবুর শাহ লোটাসের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও চলাচলের রাস্তা ও ড্রেন দখল করে বন্ধ করার অভিযোগ নিয়ে আসা হয়েছে।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন শহরের চক ফরিদ কলোনি এলাকার অ্যাড. মো. আব্দুস সোবহান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সবুর শাহ লোটাস শেরপুর রোডের চকফরিদ এলাকার সংযোগ সড়কটিসহ পৌরসভার ড্রেন বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছেন। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে সেই রাস্তার অর্ধেক অংশ দখল করে ক্রমান্বয়ে বন্ধ করছেন। তিনি অভিযোগ করেন পৌরসভার প্লান ছাড়াই ভবন নির্মাণ করছেন তিনি। কোন ভাবেই যাতে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ না হয় এবং অবৈধ নির্মাণ কাজ যাতে বন্ধ রাখা হয় সে বিষয়ে সহায়তা কামনা করেন। এছাড়া লোটাস আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন। সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। মো. আব্দুস সোবহান সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও জানান, ওই সম্পত্তি বিষয়ে দেওয়ানী আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইআইটিবির পরিচালক সবুর শাহ লোটাস জানান, পৌরসভার অনুমোদন নিয়েই ভবন নির্মাণের কাজ করা হচ্ছে এবং নির্মাণ কাজটি বর্তমানে আন্ডারগ্রাউন্ড থেকে ছাদ পর্যন্ত সম্পন্ন করেছি। রাস্তা বা ড্রেন দখল করা হয়নি। তিনি বলেন, গত ১৯ এপ্রিল পৌরসভার মেয়র সরেজমিন দেখে কাজ বন্ধ রাখতে বললে কাজ বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, আমার বিরুদ্ধে যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয়ভীতির প্রদর্শনের কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে অস্ত্রটি ব্যবহার করি সেটি বৈধ ও লাইসেন্সকৃত।
ইত্তেফাক/এমআর
