মাহমুদ আল মামুন
যেভাবে দাহন মূর্তিমান হয়ে সাজাও নিজেকে
গোটা ভিটেমাটি খাক হয়ে যায় পুড়ে,
এতো জলের প্রক্ষেপণে ভিতর বাহির ভিজাই
বিন্দু মুহূর্ত হলেও থামাতে পারো নিজেকে।
ঘূর্ণায়মান বৃত্তের বলয় ভেঙে যেতে চাই
অদৃশ্য দূরের পাওয়া না পাওয়ার কাছে,
একটি নগর চিত্রের অ্যালবামের মলাট খুলে
দাঁড়াবো স্বপ্ন স্তম্ভের পাদদেশ স্পর্শ করে।
খুব নির্দ্বিধায় তার কাছে ক্ষমা চাইতে পারি
বুকের পাকা শস্যদানার বিশুদ্ধ কসমে,
যদি শরত্ মাঠের মতো অভিবাদন জানায়
অনায়াসে বিলিয়ে দেয়া যায় এক মৌসুম ফসল।
ক্যালেন্ডার থেকে যে দিনটি হয় উড়াল ডানা
তাকে সময় সমুদ্রে খুঁজে ফেরা শুধুই অহংকার,
তার চেয়ে এসো সোনালি বেতের বুনি গোলা
নিশ্চিত আমাদের রক্ত-ঘাম মিথ্যে হবে না জানি।
