ঈশ্বরদীতে ক্রেতার মুখে মাস্ক, বিক্রেতার নেই!

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৬

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বিধিনিষেধের মধ্যেই সরকার গত ২৫ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে। তবে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু রোধে বিধিনিষেধ চলাকালে ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে। কিন্তু ঐ নির্দেশনা মানা হচ্ছে না ঈশ্বরদীর বাজারে। বাজারে ক্রেতার মুখে মাস্ক দেখা গেলেও অনেক বিক্রেতার মুখে মাস্ক নেই।

সরজমিনে বৃহস্পতিবার ঈশ্বরদী বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্রেতার মুখেই মাস্ক দেখা গেছে। তবে বাজারের বিক্রেতাদের অনেকের মুখেই মাস্ক ছিল না। অথচ বিধিনিষেধে ব্যবসায়ীরাই দোকান খোলার ব্যাপারে বেশি সোচ্চার ছিলেন। ঈশ্বরদী বাজারে সবার অস্থায়ী সবজি মার্কেট, রেলওয়ে সুপার মার্কেট, মনির প্লাজা, জাকের প্লাজা, পৌর মার্কেট ও মুদি দোকানগুলোতে বিপুলসংখ্যক ক্রেতার উপস্থিতি ছিল। আর অধিকাংশ ক্রেতার মুখে মাস্ক দেখা গেলেও খুব কমসংখ্যক বিক্রেতার মুখে মাস্ক ছিল। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, ব্যবসায়ীরা সবাই মাস্ক ব্যবহার করছেন। প্রচণ্ড গরমের কারণে হয়তো কিছু সময় খুলে রাখেন। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য বণিক সমিতির পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছে বলে জানান তিনি।