বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখায় সেবা নিতে আসা পুরুষ ও মহিলা সেবাপ্রার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু সময় কাটাতে হয়। বেলা ১০টার আগে ব্যাংক চত্বরের প্রধান ফটক এবং কার্যালয়ের অভ্যন্তরে প্রবেশের দরজা খোলা হয় না। এই সময়ের আগে দূরদূরান্ত থেকে আসা লোকজনদের শহরের ব্যস্ততম বগুড়া-শেরপুর সড়কের ফুটপাতের ওপর দাঁড়িয়ে থাকতে হয়। স্থান সংকুলান না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর লাইন করে দাঁড়ানো ছাড়া উপায় থাকে না। এতে রিকশা, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, কার ইত্যাদির জট লেগে যায়। ব্যাংক কার্যালয়ের প্রবেশের প্রধান দরজার পূর্বদিকে উত্তর-দক্ষিণ বরাবর যে চওড়া ফাঁকা জায়গা রয়েছে—এই জায়গায় ব্যাংক খোলার আগ মুর্হূত পর্যন্ত সেবাপ্রার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মুরশীদ আলম
বলেশ্বরী তলা, পৌরসভা লেন, বগুড়া
