জাপানের বেসামরিক সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০০:৩৮

জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য চলতি বছর দেশটির সম্রাটের দেওয়া ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে ২০২১ সালের স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশনে বিদেশি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ঢাকাস্থ জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্মাননার জন্য মনোনীত দুই বাংলাদেশি হলেন, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রথম সভাপতি মতিউর রহমান এবং  বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের সাবেক কান্ট্রি ম্যানেজার মো. আবু সাঈদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপান এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেট’ পাবেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসিয়েশনেরও সভাপতি মতিউর রহমান ।

অন্যদিকে কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখভাল করায় ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন মো. আবু সাঈদ। তিনি ১৯৮৭ সাল থেকে ৩৩ বছর কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।