অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর জামিন প্রশ্নে জারিকৃত রুলের উপর চূড়ান্ত শুনানি গতকাল মঙ্গলবার শেষে হয়েছে। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ বিষয়ে রায় ঘোষণা করবেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও আসামি পক্ষে শফিক আহমেদ শুনানি করেন।
গত বছরের ৮ আগস্ট গুলশান থানায় চিশতীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের প্রচলিত বিধি উপেক্ষা করে ব্যবসায়িক বৈঠকের নামে ২০১৭ সালের ১৯ থেকে ২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ করেন তিনি। ওই সফরের ভ্রমণ ভাতা বাবদ ব্যাংকের ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা তুলে নিয়ে আত্মসাত করেন। এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট কেন তাকে জামিন দেয়া হবে না এ মর্মে রুল জারি করে। বর্তমানে এ মামলায় কারাগারে আছেন মাহবুবুল হক।
