রেল, নৌ, সড়কে সমন্বিত পরিবহন ব্যবস্থার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

দেশে রেল, নৌ ও সড়ক পথে সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের সক্ষমতা বাড়াতে আমদানিকৃত রেলের খুচড়া যন্ত্রাংশ দেশে তৈরির জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক (একনেক) শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় গতকাল ১৬ হাজার ৪৩৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি প্রকল্প সংশোধিত। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ২৬৫৯ কোটি টাকা ব্যয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে ৭০টি মিটারগেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, রেলওয়ে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, মিটারগেজ রেললাইনগুলো ব্রডগেজে উন্নীত করতে হবে। আমরা বিদেশ থেকে রেলের ক্ষুদ্র যন্ত্রাংশ কিনছি। দেশেই এগুলো বানাতে হবে। তিনি রেল পার্টস তৈরির জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো তৈরির নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। সাধারণ মানুষের ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে এক টিকিটে সকল পরিবহনে যাতায়াত করা যায় কি না সে প্রসঙ্গও আলোচনায় আসে।

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৩২০ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া  ২৮৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে কক্সবাজারের লিংক রোড-লাবনী মোড় সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প, ১০২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ৬ষ্ঠ কিলোমিটারে ১০৩ দশমিক ৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ১৫৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প। ১ হাজার কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর ১৫০ মে.ও. ১০০% সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুত্ কেন্দ  নির্মাণ প্রকল্প, ১ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে রংপুর বিভাগ বিদ্যুত্ বিতরণ লাইন ও উপকেন্দ  সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প, ১ হাজার ৯১ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিভাগ বিদ্যুত্ বিতরণ লাইন ও উপকেন্দ  সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্প এবং ৮ হাজার ৬৯০ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ (১৯.৫ লাখ গ্রাহক সংযোগের সংস্থানসহ) প্রকল্পের ১ম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ একনেক সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।