ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি কাজী বজলুর রহমানের ইন্তেকাল

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:৩২

দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, ’৯০-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শাহাদাত্ বরণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ কাজী দেলোয়ার হোসেনের বড় ভাই, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কাজী বজলুর রহমান (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার পৌঁনে ১২টায় তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে, ৪ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহআলম, জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট ছিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ বিশিষ্টজন।

আজ শনিবার সকাল ৯টায় উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার মেঝ ভাই দৈনিক ইত্তেফাকের সাংবাদিক কাজী ফজলুর রহমান জানান।

উল্লেখ্য, কাজী বজলুর রহমান ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং ২০১৫ সালে শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। সর্বশেষ তিনি সার্কুলেশন বিভাগে ঊর্ধ্বতন নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ৪৩ বছর চাকরিকালে একাধিক বার ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের সমর্থনে ১৯৮৬ সালে ১২৮-পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) নির্বাচনী এলাকা থেকে নৌকা মার্কায় নির্বাচন করেন। এদিকে তিনি বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ২০১৭ সালের ১০ নভেম্বর ঢাকায় গণবভনে তার সঙ্গে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তাসহ তার চিকিত্সার দায়িত্ব গ্রহণ করেন।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক

কাজী বজলুর রহমানের মৃত্যুতে কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ তাজাম্মেল হক গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।