টিআইর প্রতিবেদন গ্রহণযোগ্য নয় ----------------- দুদক চেয়ারম্যান

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৪৩

বাংলাদেশে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে— ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এমন প্রতিবেদন কোনক্রমেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ ওই প্রতিবেদনের ব্যাখ্যাও দাবি করেছেন। তিনি বলেন, টিআইকে আমরা আগেও বলেছি, আপনারা আপনাদের প্রতিবেদনের ম্যাথডোলজি জানান এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার (তথ্য-উপাত্ত) দিয়ে বলেন। এবার আমরা পত্রিকায় দেখেছি এই এই সংখ্যা, নাম্বার। এই নাম্বারই যথেষ্ট না। আপনাকে তথ্য-উপাত্ত দিয়ে বলতে হবে, দুর্নীতি এইভাবে হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার তিনি আরো বলেন, তারা শুধু বলেছে দুর্নীতি কমেনি; বেড়েছে। আমরা আশা করব, তাদের রিপোর্টে থাকবে যে দুর্নীতি কেন কমেনি, কেন বেড়েছে। কারণগুলো অ্যাড্রেস করার জন্য কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন? যদি টিআই রিপোর্টে সেটা না থাকে, তাহলে এই রিপোর্ট কোনোক্রমেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, টিআই বলুক যে অমুক জায়গায় অমুক সরকারি লোক, ওই সরকারি কর্মকর্তা-রাজনৈতিক ব্যক্তি ক্ষমতা দিয়ে ওই কাজ করেছে। সেটা তো আমাদের জন্য সুখকর হয়। এখন তারা যদি সেটা না করে শুধু বলে যে, সরকারি সম্পত্তি বেহাত হয়েছে, এসব কথা তো আমরা নিজেরাও বলতে পারি এই হয়েছে, সেই হয়েছে, অনেক কথা বলতে পারি। টিআই’র প্রতিবেদন প্রত্যাখ্যান না করলেও বাংলাদেশে দুর্নীতির পরিস্থিতি ‘নিম্নগতির দিকে’ বলে দাবি করেন ইকবাল মাহমুদ।

উল্লেখ্য, বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৮ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে টিআই গতকাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান এবার ১৪৯ নম্বরে।