রাঙ্গামাটির লংগদুতে সশস্ত্র দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ’র পবিত্র চাকমা (৩৮) নামে এক চাঁদা সংগ্রহকারী নিহত হয়েছেন। উপজেলার লংগদু সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াছড়া এলাকায় মঙ্গলবার বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। সে ওই ওয়ার্ডের হেম চন্দ্র কার্বারীপাড়ার শান্তি প্রিয় চাকমার পুত্র।
সূত্র জানায়, নিহত পবিত্র চাকমা লংগদু ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরাদমসহ আশেপাশের এলাকায় শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র চাঁদা সংগ্রহকারী ছিলেন। মঙ্গলবার দুপুরে ওই এলাকায় সাংগঠনিক কাজে তারই এক সহযোগীর বাড়িতে অপর একজন সঙ্গীসহ বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় একটি সশস্ত্র দুর্বৃত্ত গ্রুপ ব্রাশ ফায়ার করলে পবিত্র চাকমা গুলিবিদ্ধ হন অন্যজন পালিয়ে যান। গুলিবিদ্ধ পবিত্র চাকমা ঘটনাস্থলেই প্রাণ হারান।
লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানান, লংগদু সদর ইউনিয়নের ভূইয়াছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পবিত্র চাকমা নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় গেছে লাশ উদ্ধারের জন্য।
