অনলাইন জুয়ায় সর্বস্বান্ত তরুণরা পা বাড়াচ্ছে ডাকাতির দিকে

আপডেট : ০১ মে ২০২১, ১৯:৫৭

অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে যুব ও তরুণ সমাজ। বাদ পড়েনি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এটি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ঢুকে পড়েছে অনলাইন জুয়া। এ খেলায় একজন আসক্ত হলে আরো ১২জনকে অংশগ্রহণ করাতে পারলে তার ১ হাত হয়। এভাবে এখন রামগঞ্জের আনাচে-কানাচে কয়েক হাজার অনলাইনে জুয়া খেলে পথভ্রষ্ট হচ্ছে। উপজেলার যুব ও তরুণ সমাজ সব কিছু ছেড়ে সারাক্ষণ ইন্টারনেটে বাজি ধরে বিশাল অংকের টাকা হারাচ্ছেন। এই জুয়া খেলে রামগঞ্জে গুটি কয়েক তরুণ আঙ্গুল ফুলে কলা গাছ হলেও অধিকাংশ হয়েছেন সর্বস্বান্ত। তখন বাধ্য হয়ে তারা করে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধজনিত কাজে পা বাড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগের নেতা জানান, বিষয়টি আমরা জানতাম না। এখন অনেক টাকা লোকসান করে যতটুকু সামনে এগিয়ে গেছি পিছনে যাওয়া তো কঠিন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে কিছু কাগজপত্র আমার কাছে এসেছে। আমরা আইটি সেকশনে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব রামগঞ্জে অনলাইনে জুয়া খেলা বন্ধ হয়ে যাবে।

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান জানান, অনলাইনে জুয়া খেলা বিস্তারের বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে জানিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগ ফেসবুক ও গণমাধ্যমে জানতে পেরে আমি পদক্ষেপ নিয়েছি। এটি বন্ধে আমরা কাজ করে যাচ্ছি।

ইত্তেফাক/বিএএফ