লবণ রক্ষা করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ মে ২০২১, ২০:৪৩

ক্ষেতের লবণ রক্ষা করতে গিয়ে মুহাম্মদ সোহেল আকবর (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) ভোররাত ৩টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার লেমশীখালীর লবণ মাঠে বজ্রপাতে মারা যান তিনি।

নিহত মুহাম্মদ সোহেল আকবর (১৯) উপজেলার লেমশীখালী ইউনিয়নের উত্তর লেমশীখালী লুৎফর পাড়ার জয়নাল আবেদীনের দ্বিতীয় ছেলে। তিনি ২০২০ সালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী।

লেমশীখালীর বাসিন্দা উপজেলা আদালতের আইনজীবী সহকারী হাছান মাহমুদ সুজন জানান, শনিবার সেহেরীর সময় হঠাৎ কালবৈশাখীর শুরু হয়। এসময় বাবাসহ অন্যদের সাথে লবণের মাঠে যান সোহেল আকবর। কাজ করার সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠেই অচেতন হয়ে পড়ে যায় সোহেল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বজ্রাঘাতে শিক্ষার্থী সোহেলের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।

ইত্তেফাক/বিএএফ