সাজা বৃদ্ধির রায়ের বিরুদ্ধে আপিল করবেন খালেদা জিয়া

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৫৯

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বৃদ্ধির রায়ের বিরুদ্ধে আপিল করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হবে। মামলার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে ইতোমধ্যে সেটি সংগ্রহ করেছেন তার আইনজীবীরা। এখন তারা রায়টি পর্যালোচনা করে দেখছেন।

সোমবার অরফানেজ ট্রাস্ট মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। ওই রায়ে খালেদা জিয়াকে মূল অপরাধী হিসেবে উল্লেখ করে পাঁচ বছরের পরিবর্তে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয়, নিম্ন আদালত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বয়স ও সামাজিক পরিচয় বিবেচনা করে পাঁচ বছরের দণ্ড দিয়েছিল। কিন্তু  অপরাধ সংঘটনের ক্ষেত্রে মূল আসামিকে কম সাজা দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের এই যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না।

জানা গেছে, রায়ের সত্যায়িত অনুলিপির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইতোমধ্যে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। সংশ্লিষ্ট শাখাও অনুলিপি প্রস্তুতের কাজ শুরু করেছে। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ইত্তেফাককে বলেন, এতদিন আমরা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ছিলাম। অনুলিপি পেলে আপিলে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানানো হবে।