ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ৫ ফেব্রুয়ারি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:০০

আগামী ৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেবেন। সোমবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসি ৫ ফেব্রুয়ারি ভাষণের আমন্ত্রণ জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প সেটি গ্রহণ করেন। খবর সিএনএনের

ন্যান্সি পেলোসির অফিস একটি চিঠি প্রকাশ করেছে। এতে পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, গত ২৩ জানুয়ারি আপনার কাছে লেখা চিঠিতে বলেছিলাম, সরকার পুনরায় চালু হওয়ার পর আলোচনা করে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের তারিখ নির্ধারণ করবো। আমরা আজ আলোচনা করে আগামী ৫ ফেব্রুয়ারি ভাষণ দেওয়ার     সিদ্ধান্ত নিয়েছি। তাই ওইদিন আমি কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প পেলোসির আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন, এই আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমাদের কাছে অনেক মহত্ গল্প আছে যা আপনাদেরকে শোনাবো।