ড. কামাল দেশে ফিরেছেন দুই এমপির শপথ নিয়ে আজ কথা বলতে পারেন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:০০

সিঙ্গাপুরে চিকিত্সা শেষে গতকাল মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি  ড. কামাল হোসেন। স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি গত ১৯ জানুয়ারি রাতে সিঙ্গাপুর যান।

গণফোরাম সূত্রে জানা গেছে, আগামী মার্চে অনুষ্ঠেয় গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ বুধবার রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন ড. কামাল। সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সভায় একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানের এমপি হিসেবে শপথ নেওয়া না নেওয়ার বিষয়েও আলোচনা হবে। এ ব্যাপারেও ড. কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক জানান, আজকের প্রস্তুতি সভায় গণফোরামের কেন্দ্রীয় কমিটি, প্রস্তুতি কমিটি ও যারা এবারের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ফলে সুলতান মনসুর ও মোকাব্বির খানেরও সভায় উপস্থিত থাকার কথা। এছাড়া আজ রাতে ড. কামালের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে।