জামায়াত নিষিদ্ধ হবেই এটা সময়ের ব্যাপার —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২৩:৫৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তিনটি জিনিসের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে এগুলো হলো দুর্নীতি, মাদক ও সন্ত্রাস। বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিকের কারণে যেন এদেশের আইন-শৃংখলার অবনতি না হয়, দুর্নীতি যেন না হয়, আর মাদক যেন প্রশ্রয় না পায়। আমরা যদি সত্যিকার ভাবে প্রধানমন্ত্রীকে ভালোবাসি তাহলে মাদকের প্রতি জিরো টলারেন্স হতে হবে। তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ‘ট্রাফিক সেবা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জিব দেবনাথ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, ডিসি ট্রাফিক কে. এম আরিফুল হক প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ অধিবেশনে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে কোনো আইন উঠবে না। ফেব্রুয়ারির মধ্যে আমরা আদালতের রায় আশা করছি। আপিল বিভাগের রায়ের কারণেই আমরা এ আইনটা অতীতে করিনি। কিন্তু আগে থেকেই আমাদের নীতিগত সিদ্ধান্ত জামায়াতকে নিষিদ্ধকরণ। কারণ তারা যুদ্ধাপরাধী দল। জামায়াত নিষিদ্ধ হবেই। এটা সময়ের ব্যাপার।

কাপাসিয়ায় শোভাযাত্রা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ জনবান্ধব পুলিশিং-এর ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ।