কোভিড-১৯ পরিস্থিতিতে তাসাউফ ফাউন্ডেশন গত বছরের মতো এ বছরও ‘পাশেই আছি’ কর্মসূচির আওতায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও সব স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পাঁচ শতাধিক মানুষের মধ্যে রমজান মাস উপলক্ষ্যে প্রতি শুক্রবার ও শনিবার রান্না করা খাবার বিতরণ করছে এবং ঈদুল ফিতরের দিনে রান্না করা উন্নত খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩০ এপ্রিল ও ১লা মে তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী ঢাকার শাহীন স্কুলের সামনে, মহাখালী বাসস্ট্যান্ড, বনানী কবরস্থানসহ বিভিন্ন এলাকায় শিশু, নারী, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধীসহ পাঁচ শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কারের অভ্যাস করানো হয় ও সচেতনতামূলক মাইকিং করা হয়।
মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে তাসাউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে ২০১০ থেকে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইনের নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনের সদস্যরা যে কোনো প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে আর্থিক সহযোগিতার মাধ্যমে মানুষের সেবায় এগিয়ে আসে। সারা দেশে তাসাউফ ফাউন্ডেশনের প্রায় ৫ হাজার সদস্য রয়েছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মনে করেন, মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটি নির্ভেজাল মন ও উপলব্ধি। তিনি বলেন, আজ আমরা জীবন বাঁচানোর যুদ্ধে লড়াই করছি। এই লড়াইয়ে সবার অংশগ্রহণ প্রয়োজন। যার যা সামর্থ্য আছে তা নিয়ে যদি এগিয়ে আসি তবেই আমরা এই যুদ্ধে জয়ী হব —প্রেস বিজ্ঞপ্তি

